ভারত থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৮ হাজার টন ডিজেল আমদানি শুরু হয়েছে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার কাজী মো. রবিউল আলম জানিয়েছেন, গত ৭ এপ্রিল মধ্যরাত থেকে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয় এবং বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত সাড়ে ৫ হাজার টন পদ্মা অয়েল পিএলসির পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। বর্তমানে পাম্পিং চলমান রয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এই পাইপলাইনের মাধ্যমে মোট ৮ হাজার টন ডিজেল সরবরাহ করা হবে, যা ১১ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। এর আগে ১১ ও ২৩ মার্চ দুই দফায় ৫ হাজার করে মোট ১০ হাজার টন এবং ১ এপ্রিল ৭ হাজার টন ডিজেল দেশে এসেছে। এভাবে তিন দফায় মোট ১৭ হাজার টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করে যাচ্ছে।



