কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনাপ্রবাহের পর শেষ পর্যন্ত ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তেই অনড় থাকল বাংলাদেশ। বাংলাদেশের সামনে তখন কার্যত দুটি পথ খোলা ছিল—হয় ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া, নয়তো পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ানো। এমন কঠিন বাস্তবতায় নিজেদের নিরাপত্তা ও অবস্থানকে গুরুত্ব দিয়ে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত বহাল রাখে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের উপস্থিতিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আসিফ নজরুল স্পষ্ট করে জানান, ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। তার মতে, আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ গ্রহণ না করে সুবিচার করেনি। তবে তিনি আশা প্রকাশ করেন, আইসিসি শেষ পর্যন্ত ন্যায্য সিদ্ধান্ত নেবে।
আসিফ নজরুল আরও বলেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি সরকারের পক্ষ থেকেই নেওয়া হয়েছে এবং সেই অবস্থানে সরকার অনড় রয়েছে। যে নিরাপত্তা উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনও অপরিবর্তিত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি জানান, বাংলাদেশ এখনও বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের পক্ষে অবস্থান করছে এবং এই দাবিতে তারা আইসিসির সঙ্গে লড়াই চালিয়ে যাবে।



