নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে সবাইকে চমকে দিয়েছেন তার স্ত্রী রামা দুওয়াজির। বিশ্বজুড়ে ফ্যাশনবোদ্ধাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন রামার পোশাক নির্বাচন। কোনো নামিদামি ডিজাইনারের তৈরি লক্ষাধিক টাকার নতুন পোশাক নয়, বরং ভাড়া করা পোশাকেই আভিজাত্যের নতুন সংজ্ঞা লিখেছে এই দম্পতি। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, নিউইয়র্কের নতুন ফার্স্ট লেডির এই সিদ্ধান্ত কেবল স্টাইল নয়, বরং একটি শক্তিশালী সামাজিক ও রাজনৈতিক বার্তাও বহন করছে।
গত ১ জানুয়ারি জোহরান মামদানির শপথ অনুষ্ঠানে রামা দুওয়াজি বিখ্যাত ফরাসি ব্র্যান্ড ‘ব্যালেনসিয়াগা’-র একটি ফানেল নেক উল কোট পরেছিলেন, যা তিনি নিউইয়র্কের বিলাসবহুল রেন্টাল সার্ভিস ‘অলব্রাইট ফ্যাশন লাইব্রেরি’ থেকে ভাড়া নিয়েছিলেন। এর পরদিন সিটি হলের ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠানে তাকে দেখা যায় ফিলিস্তিনি-লেবানিজ ডিজাইনার সিনথিয়া মেরহেজের একটি চকলেট ব্রাউন ফক্স ফার কোটে। তার এই সাজের সঙ্গে ছিল ভিনটেজ গোল্ড ইয়ার রিং এবং সেকেন্ড-হ্যান্ড ব্র্যান্ডের বুট জুতা। বিখ্যাত স্টাইলিস্ট গ্যাব্রিয়েলা কারেফা-জনসন রামার এই ফ্যাশনকে ‘রাজকীয় অথচ সাহসী’ হিসেবে বর্ণনা করেছেন।
রামা দুওয়াজির এই ভাড়া করা এবং ভিনটেজ পোশাক পরার সিদ্ধান্তটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মেয়র জোহরান মামদানি যেহেতু সাধারণ মানুষের অধিকার ও সাম্যের রাজনীতি করেন, তাই তার স্ত্রীর এই মিতব্যয়ী ও পরিবেশবান্ধব ফ্যাশন নির্বাচন তাদের রাজনৈতিক আদর্শেরই প্রতিফলন। নিউইয়র্ক ভিনটেজের প্রতিষ্ঠাতা শ্যানন হোয়ির মতে, রামা তার পোশাকের মাধ্যমে ছোট স্বাধীন ব্যবসা এবং স্থায়িত্বপন্থী (Sustainable) ফ্যাশনকে সমর্থন জানিয়েছেন। আভিজাত্য ফুটিয়ে তুলতে যে বিপুল অর্থের চেয়ে সুরুচি ও মূল্যবোধই বেশি গুরুত্বপূর্ণ—রামা দুওয়াজি ফ্যাশন জগতে সেই নতুন ধারারই সূচনা করলেন।



