দীর্ঘ ১৭ মাসের পথচলা শেষে পর্দা নেমেছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর। শেষ পর্বে কাবিলার মা পলি চেয়ারম্যানের মৃত্যু এবং মাকে হারিয়ে কাবিলার কান্নার দৃশ্য দর্শকদের আবেগাপ্লুত করেছে। নাটকটিতে কাবিলা চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ। দীর্ঘদিনের হাসি-আনন্দের গল্পের পর এমন বিষাদময় সমাপ্তি দর্শকদের মধ্যে ব্যাপক আবেগ ও আলোচনার জন্ম দিয়েছে।
কাজল আরেফিন অমি পরিচালিত এই ধারাবাহিকের শুরু থেকেই হাস্যরস, দুষ্টুমি ও বন্ধুত্বের নানা ঘটনা দর্শকদের বিনোদিত করেছে। তবে পঞ্চম সিজনের শেষ পর্বে গল্পের মোড় ঘুরে যায় বিষাদের দিকে। পুরো ধারাবাহিকে প্রাণবন্ত ও চটপটে স্বভাবের কাবিলার জীবনে মায়ের মৃত্যু বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। মাকে হারানোর শোক, কান্না এবং বন্ধুদের সামনে তার অসহায়ত্বের দৃশ্য দর্শকদের মনে গভীর আবেগের সৃষ্টি করে।
শেষ পর্ব প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে দর্শকদের নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে জিয়াউল হক পলাশের অভিনয়ের প্রশংসা করেছেন অনেকে। দর্শকদের মতে, কাবিলার কান্নার দৃশ্য এতটাই আবেগঘন ছিল যে, তা বাস্তব জীবনের অনুভূতির সঙ্গে মিশে গেছে। একজন দর্শক মন্তব্য করেছেন, যাদের পাগলামিতে এত দিন প্রাণ খুলে হাসতেন, শেষ পর্বে তাদের অসহায়ত্ব ও কাবিলার কান্না দেখে মন ভারাক্রান্ত হয়ে উঠেছে।
অন্যদিকে, নাটকটির শুটিংয়ের শেষ দিনেও আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল। শেষ দিনের ‘র্যাগ ডে’ আয়োজনে শিল্পী ও কলাকুশলীরা দীর্ঘদিনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। পর্দার বাইরের সেই বিদায়ের আবেগ এবার শেষ পর্বের গল্পেও যেন প্রতিফলিত হয়েছে। সব মিলিয়ে হাসি-আনন্দে ভরপুর দীর্ঘ যাত্রার শেষে বিষাদময় সমাপ্তি দর্শকদের মনে বিশেষ ছাপ রেখে গেছে।



