ব্যবহৃত মোবাইল ফোন হস্তান্তর বা বিক্রির আগে অবশ্যই সংশ্লিষ্ট হ্যান্ডসেটের নিবন্ধন বাতিল (ডি-রেজিস্ট্রেশন) করতে হবে—এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার পর এই নির্দেশনা জারি করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে গত ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু করা হয়েছে। এই ব্যবস্থার আওতায় বর্তমানে দেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে।
বিটিআরসি জানায়, এনইআইআর চালুর ফলে অবৈধ, নকল ও চোরাই মোবাইল ফোন ব্যবহারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। একই সঙ্গে মোবাইল ফোনের মালিকানা সংক্রান্ত তথ্য সুনির্দিষ্টভাবে সংরক্ষিত থাকবে, যা অপরাধ দমন ও ভোক্তা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনে সিমকার্ড পরিবর্তন করার ক্ষেত্রে অথবা ফোনটি অন্য কারও ব্যবহারের জন্য হস্তান্তর কিংবা বিক্রয়ের আগে অবশ্যই ডি-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অর্থাৎ, সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে অবমুক্ত করতে হবে।
ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে সিম কেনার সময় ব্যবহৃত পরিচয়পত্রের তথ্য প্রয়োজন হবে। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা দিতে হবে বলে জানিয়েছে বিটিআরসি।
ডি-রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য জানতে বিটিআরসি’র ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করতে বলা হয়েছে। এছাড়া বিটিআরসি’র কল সেন্টার ১০০ নম্বরে যোগাযোগ করা যাবে। প্রয়োজনে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেও সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে।



