বৃষ্টি মানেই এক অন্যরকম আবহ—একটা রোমান্টিক অনুভূতি, যেখানে পরিবার-পরিজন নিয়ে একটু অন্যরকম খাবার হলে মন্দ হয় না। এমন এক আবহে ছুটির দিনটিকে স্মরণীয় করে তুলতে পাতে রাখতে পারেন সুস্বাদু মাটন খিচুড়ি। গরম গরম মাটনের স্বাদ ও খিচুড়ির ঘ্রাণ পরিবারের প্রতিটি সদস্যের মন জয় করে নিতে পারে সহজেই।
মাটন খিচুড়ির স্বাদে নতুন মাত্রা আনতে প্রথমেই প্রয়োজন সঠিক উপকরণ। প্রয়োজন হবে আধা কেজি পোলাও চাল, ১ কেজি খাসির মাংস, আধা কাপ করে মুগ, মসুর ও ছোলার ডাল। ঘি ১ চা চামচ ও আধা কাপ তেল দিয়ে রান্নার শুরু হবে। মসলা হিসেবে ব্যবহার করুন পেঁয়াজ বাটা ও কুচি, আদা ও রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদ ও মরিচ গুঁড়া, টমেটো কুচি, গরম মসলা গুঁড়া ও পরিমাণমতো লবণ। আলু ও কাঁচামরিচ থাকবে স্বাদ বাড়াতে।
প্রথমে মুগ ডাল হালকা ভেজে, সব ডাল ও চাল ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। কড়াইয়ে তেল-ঘি গরম করে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা দিয়ে ভাজুন। এরপর মসলা দিয়ে কষিয়ে নিন, টমেটো দিয়ে নেড়ে নিন। ছোট টুকরায় কাটা মাংস অল্প আঁচে ৪০ মিনিট রান্না করে, আলু ভেজে মেশান। মাংস প্রায় সেদ্ধ হলে পানি দিন।
অন্য হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা কুচি, গরম মসলা ও রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। এরপর চাল-ডাল মিশিয়ে ভেজে গরম পানি দিন। চাল-ডাল সেদ্ধ হলে মাংস মিশিয়ে দিন। সবকিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে গুঁড়া মসলা ও কাঁচা মরিচ দিয়ে নামিয়ে ফেলুন। গরম গরম পরিবেশন করুন প্রিয়জনদের সঙ্গে।



