বিশ্বকাপ নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাম্প্রতিক মন্তব্যে এবার মুখ খুলেছেন লিওনেল মেসি। এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, বিশ্বকাপ জয় তার ক্যারিয়ারকে “সংজ্ঞায়িত করে না”। আর এই বক্তব্যের জবাবে মেসি জানিয়েছেন, একজন ফুটবলারের জীবনে বিশ্বকাপ জেতাই হলো “সর্বোচ্চ অর্জন”।
রোনালদো সম্প্রতি পিয়ার্স মরগান আনসেন্সরড অনুষ্ঠানে বলেন, “আমার কাছে বিশ্বকাপ জেতা কোনো স্বপ্ন নয়। ছয়-সাত ম্যাচের একটি টুর্নামেন্টে জয় কি কোনো খেলোয়াড়ের পুরো ক্যারিয়ার নির্ধারণ করতে পারে? আপনি মনে করেন, এটা ন্যায্য?”
এর জবাবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত আমেরিকা বিজনেস ফোরাম-এ মেসি বলেন, “সত্যি বলতে, সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। ব্যক্তিগতভাবে, পরিবারের জন্য, সতীর্থদের জন্য এবং পুরো দেশের জন্য সেই জয় ছিল অনন্য। এত বছর পর দেশের মানুষ যেভাবে উদযাপন করেছিল, তা ছিল অবিশ্বাস্য।”
মেসি আরও যোগ করেন, “একজন খেলোয়াড়ের জীবনে বিশ্বকাপ জয়ই চূড়ান্ত সাফল্য। এটা যেন কোনো পেশাজীবীর ক্যারিয়ারের শীর্ষে পৌঁছানো। এরপর আর কিছু চাওয়ার থাকে না। আমি সৌভাগ্যবান যে ক্লাব ও জাতীয় দলের হয়ে সব কিছুই জিতেছি—বিশ্বকাপ সেই অর্জনের পরিপূর্ণতা এনে দিয়েছে। যেন নিজের পুরো ক্যারিয়ারকে সম্পন্ন করলাম।”
২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন মেসি, যেখানে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেন দুটি গোল। অন্যদিকে রোনালদোর সবচেয়ে বড় অর্জন ইউরো ২০১৬ ও দুবার উয়েফা নেশনস লিগ জয়। তবুও তার দাবি, এই অর্জনই তার উত্তরাধিকার গড়ে তুলেছে, বিশ্বকাপ নয়।
বর্তমানে দুই কিংবদন্তি খেলছেন ইউরোপের বাইরে—রোনালদো সৌদি আরবের আল নাসর দলে, আর মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। তবে দুজনই ইঙ্গিত দিয়েছেন, তারা আগামী বছর উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে নিজেদের দেখা দিতে চান।
বিশ্ব ফুটবলের দুই মহাতারকার এই নতুন ‘মন্তব্য-প্রতিমন্তব্যে’ আবারও তীব্র হয়েছে সেই চিরন্তন প্রশ্ন—কে সেরা, মেসি না রোনালদো?



