প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়। শুরুতে ১৩টি দেশ অংশগ্রহণের কথা থাকলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছে আর্জেন্টিনা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ। তিনি জানান, আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন তাদের জানিয়েছে আর্জেন্টিনা নারী কাবাডি বিশ্বকাপে অংশ নেবে না। স্বাগতিক হিসেবে বাংলাদেশ আবাসনসহ সব সুযোগ-সুবিধা দিচ্ছে, তবে যাতায়াতের দায়িত্ব আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের। সম্ভবত তাদের সঙ্গে আর্জেন্টিনার কোনো সমন্বয় সমস্যার কারণে দলটি অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আর্জেন্টিনা সরে দাঁড়ানোয় এবার ১২টি দেশ অংশ নেবে। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে ভারত, চায়নিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার। ইতোমধ্যেই জাঞ্জিবার দল বাংলাদেশে পৌঁছেছে, আর আজ রাতে আরও দুটি দল ঢাকায় পৌঁছাবে বলে জানানো হয়েছে।
আগামী ১৭ নভেম্বর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে নারী কাবাডি বিশ্বকাপ, যা চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। এর আগে প্রথম আসরটি অনুষ্ঠিত হয়েছিল ১৩ বছর আগে ভারতের বিহারে।



