ফিফা বিশ্বকাপের ইতিহাসে বাবা-ছেলের একসঙ্গে অংশগ্রহণের ঘটনা আগেও দেখা গেলেও মা-ছেলের যুগলবন্দির কোনো নজির ছিল না। সেই ইতিহাস গড়েছেন নিউজিল্যান্ডের তরুণ ডিফেন্ডার টাইলার বিন্দন ও তাঁর মা জেনি বিন্দন। বিশ্বকাপের ইতিহাসে প্রথম মা-ছেলে জুটি হিসেবে তাঁদের নাম উঠেছে ইতিহাসের পাতায়। গত মঙ্গলবার ইরানের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে এই অনন্য রেকর্ডের পূর্ণতা দেন টাইলার।
এর আগে ২০০৭ ও ২০১১ সালের ফিফা বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে গোলরক্ষকের দায়িত্ব সামলেছেন জেনি বিন্দন। পাশাপাশি ২০০৮ ও ২০১২ সালের অলিম্পিক গেমসেও নিজ দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০০৪ সালে আন্তর্জাতিক অভিষেকের পর জাতীয় দলের হয়ে মোট ৭৭টি ম্যাচ খেলেছেন জেনি। আর ২০০৫ সালে জন্ম নেওয়া টাইলারের আন্তর্জাতিক অভিষেক হয় ২০২৩ সালে এবং এই টুর্নামেন্ট দিয়ে প্রথমবার বিশ্বকাপে নামলেন তিনি।
মায়ের শেষ বিশ্বকাপ খেলার দেড় দশক পর এবার ইতিহাসের অংশ হওয়ার আনন্দ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে টাইলার লেখেন, ‘আজকের দিনটি অনেক কারণেই বিশেষ। সবচেয়ে বড় মঞ্চে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত এবং বিশ্বকাপে খেলা প্রথম মা-ছেলে জুটি হিসেবে আমার মায়ের সঙ্গে এই মুহূর্তটি ভাগ করে নিতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ।’ উল্লেখ্য, টাইলারের বাবা গ্র্যান্ট বিন্দনও খেলাধুলার মানুষ ছিলেন—তিনি নিউজিল্যান্ডের ভলিবল জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন।



