ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ অনুশীলন সেশন সম্পন্ন করেছেন। ডান পায়ের পেশির ইনজুরিতে ভুগায় এ পর্যন্ত ব্রাজিলের প্রথম দুই ম্যাচের কোনোটিতেই অংশ নিতে পারেননি তিনি। তবে আগামী বুধবার ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ-সি’র শেষ ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই সান্তোস তারকা।
গত মাসে ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে রিপোর্ট করার পর প্রথমবার পুরো দলের সঙ্গে অনুশীলনে অংশ নিয়ে উচ্ছ্বসিত ৩৪ বছর বয়সী নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ। আমি খুব খুশি।’ সর্বশেষ গত ১৭ মে সান্তোসের হয়ে ম্যাচ খেলেছেন তিনি। তার সুস্থ হয়ে দলে ফিরে আসা ব্রাজিলের জন্য বড় অনুপ্রেরণা—কারণ এখনও পর্যন্ত ১২৯ আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ ৭৯ গোল করেছেন নেইমার।
ফ্ল্যামেঙ্গো মিডফিল্ডার লুকাস পাকুয়েটা নেইমারের ফিরে আসা প্রসঙ্গে বলেন, ‘তাকে দলে ও অনুশীলনে পেয়ে আমরা সবাই দারুণ খুশি। আমাদের জাতীয় দলের জন্য নেইমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অসাধারণ অবদান রয়েছে, এখনও সে দলের জন্য অনেক কিছু করতে পারে। আমরা আশা করি যত দ্রুত সম্ভব সে মাঠে ফিরে আমাদের সহযোগিতা করবে।’
এটি নেইমারের চতুর্থ বিশ্বকাপ। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২০০২ সালের পর শিরোপা জেতেনি, আর নেইমারও এখনও ব্রাজিলের হয়ে প্রথম বড় কোনো শিরোপা জিততে পারেননি। এবার কি তার শেষ সুযোগ? পাকুয়েটা বলেন, ‘আমি সেটাই মনে করি। আমাদের খেলোয়াড়রা পাঁচ তারকা নিয়ে গর্বিত, কিন্তু এই দলের সবার স্বপ্ন নিজেরা একটি বিশ্বকাপ জয় করা। আমরা সবাই সেই স্বপ্নকে বাস্তব করতে চেষ্টা করছি।’
গ্রুপ-সি’তে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল, তিন পয়েন্ট নিয়ে পরের দুই অবস্থানে মরক্কো ও স্কটল্যান্ড।



