বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজির জন্য গত ১১ অক্টোবর দশটি অঞ্চলের নাম প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কুমিল্লার পাশাপাশি প্রথমবারের মতো নোয়াখালী ও ময়মনসিংহের নাম যুক্ত হয়। শুরুর দিকে বাংলা মার্ক লিমিটেড নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজির মালিক হতে চাইলেও প্রাথমিক যাচাই–বাছাইয়ে তারা বাদ পড়ে যায়। তবে এক মাসের ব্যবধানে আবারও নোয়াখালীর বিপিএলে যুক্ত হওয়ার আলোচনা জোরদার হয়েছে।
গুঞ্জন আছে, প্রয়োজনীয় ব্যাংক গ্যারান্টি ও অন্যান্য শর্ত পূরণ না করায় ট্রায়াঙ্গল সার্ভিসেস মালিকানাধীন চট্টগ্রাম দলকে ফ্র্যাঞ্চাইজি দিতে আগ্রহী নয় বিসিবি। যদিও এ বিষয়ে বোর্ড এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। এদিকে ২৩ নভেম্বরের নিলাম পিছিয়ে ৩০ নভেম্বর নেওয়ার সিদ্ধান্তের পর ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম রয়্যালসের জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিসিবির আরেকটি সূত্র জানায়, কোনো দল বাদ না দিয়ে বরং নতুন একটি দল যুক্ত করার চিন্তা চলছে, যেখানে প্রথমবারের মতো বিপিএলে দেখা যেতে পারে নোয়াখালীকে। সম্ভাব্য মালিকানা পেতে পারে দেশ ট্রাভেলস, এবং নাম হতে পারে ‘নোয়াখালী এক্সপ্রেস’। নোয়াখালী কি ষষ্ঠ দল হিসেবে যুক্ত হবে, নাকি চট্টগ্রাম রয়্যালসের জায়গা নেবে—এ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সব মিলিয়ে নানা অনিশ্চয়তা ও আলোচনার মধ্য দিয়ে এগোচ্ছে আসন্ন বিপিএল, যার নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে।



