বিজয়ের মাস ডিসেম্বর। এই গৌরবময় মাসে দেশের মুক্তিযুদ্ধ, বীর শহীদ এবং জীবিত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তানজিম হাসান সাকিব। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি জানান, মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করলে তার হৃদয় গর্বে ভরে ওঠে। প্রশিক্ষণের অভাব, যুদ্ধের অপর্যাপ্ত প্রস্তুতি, প্রতিকূল পরিবেশ—সবকিছু উপেক্ষা করেই দেশপ্রেমে উজ্জীবিত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে লড়াই করে বাঙালিরা বিজয় ছিনিয়ে এনেছিলেন, সে স্মৃতি তাকে গভীরভাবে প্রভাবিত করে।
সাকিব লিখেছেন, ‘আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ব করি। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ব করি। যাদের ছিল না কোনো ট্রেনিং, যারা জানতেন না যুদ্ধ কীভাবে করতে হয়; তবুও দেশের টানে অস্ত্র তুলে নিয়েছিলেন। তারা-ই আমাদের আত্মপরিচয় এনে দিয়েছেন।’ তিনি আরও উল্লেখ করেন, সেই বীর মুক্তিযোদ্ধারাই ভীরু বাঙালিকে সাহসী জাতিতে রূপান্তরিত করেছেন। তাদের আত্মত্যাগের কারণেই আজ তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারছেন।
তার ভাষায়, ‘বাংলাদেশের প্রকৃত হিরো, প্রকৃত সেলিব্রিটি—আমাদের মুক্তিযোদ্ধারা।’ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে তানজিম সাকিবের এ শ্রদ্ধা নিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।



