ফুটবল দুনিয়ায় আবারও আলোচনায় উঠে এসেছে এক নতুন গুঞ্জন—বার্সেলোনার সভাপতি নির্বাচনে লিওনেল মেসির নাম! তবে খেলোয়াড় হিসেবে নয়, বরং সম্ভাব্য প্রার্থী হিসেবে কিংবা কোনো প্রার্থীর পক্ষে সরাসরি সমর্থন জানিয়ে। কাতালুনিয়ার রাজনৈতিক আবহে এই খবর নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। স্প্যানিশ গণমাধ্যম কাদেনা এসইআর জানিয়েছে, লাপোর্তার প্রতিদ্বন্দ্বী শিবিরগুলো ইতোমধ্যে মেসির সঙ্গে যোগাযোগ করেছে।
বার্সেলোনার ইতিহাসে দীর্ঘতম সময় সভাপতি থাকার রেকর্ড লাপোর্তার। চলতি মেয়াদ শেষে তিনি চতুর্থ দফায়ও প্রার্থী হতে যাচ্ছেন। তবে পরিস্থিতি তার জন্য একেবারেই নিশ্চিন্ত নয়। কারণ ২০২১ সালে মেসিকে দলে রাখার প্রতিশ্রুতি দিলেও আর্থিক সংকটের অজুহাতে সেই চুক্তি বাতিল করেন লাপোর্তা। বাধ্য হয়ে মেসি পিএসজিতে যোগ দেন, যা মেসি ও তার পরিবার বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিলেন। সেই ক্ষোভ এখনো ম্লান হয়নি।
বার্সেলোনার সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। তাই তিনি যদি ভিক্টর ফন্ট বা জোয়ান কামপ্রুবির মতো অন্য কোনো প্রার্থীকে সমর্থন দেন, তবে ভোটে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই এটি লাপোর্তার জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
তবে মেসি আসলেই প্রকাশ্যে কোনো প্রার্থীর পাশে দাঁড়াবেন কি না, তা এখনো অনিশ্চিত। আপাতত তিনি মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। কিন্তু ক্যাম্প ন্যুর রাজনীতিতে তার প্রভাব এখনো কতটা প্রবল, তা নিয়ে কোনো সন্দেহ নেই।



