বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম সেরা তারকা ঋতুপর্ণা চাকমা। দুটি সাফ জয় ও এশিয়ান কাপে জায়গা করে নেওয়ায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান থাকলেও চলমান সাফের প্রথম ম্যাচে তেমন ভালো কাটেনি তাঁর। তবে এতে কোনো শঙ্কা দেখছেন না কোচ পিটার বাটলার। মালদ্বীপের বিপক্ষে ম্যাচে ঋতুপর্ণা বাঁ প্রান্ত থেকে ২২-২৩টি ক্রস করলেও দলকে হেসেখেলে জিততে পারেনি বাংলাদেশ। কিন্তু বাটলার সাফ জানিয়ে দিয়েছেন, ঋতুপর্ণাই তাঁর সেরা অস্ত্র। তিনি বলেন, ‘ঋতু আমার কাছে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা উইঙ্গার। সে তরুণ, দারুণ প্রতিভাবান এবং দলের জন্য একপশলা টাটকা বাতাসের মতো।’ আগামীকাল রাত ৮টায় গ্রুপ সেরার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাটলার আত্মবিশ্বাসী, তার দল এখন সম্পূর্ণ ভিন্ন ও অনেক ভালো ফুটবল খেলছে এবং ভারতের মতো তারাও আক্রমণ করতে জানে।



