এশিয়া কাপ সুপার ফোরে জয় দিয়ে যাত্রা শুরু করার লক্ষ্য নিয়ে আজ দুবাই ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।
গ্রুপ পর্বে ৩ ম্যাচে ২ জয় ও ১ হার নিয়েও তখনো অনিশ্চিত ছিল বাংলাদেশের সুপার ফোর ভাগ্য। তাকিয়ে থাকতে হয়েছিল আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচের দিকে। সমীকরণ ছিল—আফগানিস্তান হারলেই সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ৬ উইকেটে আফগানিস্তানকে হারায় এবং তাতেই টিকিট পায় বাংলাদেশ।
ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারানো জরুরি টাইগারদের জন্য। গত দুই মাসে চারবার লঙ্কানদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাদের সম্পর্কে ভালো ধারণাও আছে লিটন দাসদের। মাত্র দুই মাস আগে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে এবারের আসরে গ্রুপ পর্বে সেই শ্রীলঙ্কার কাছেই ৬ উইকেটে হেরে যায় টাইগাররা।
পরিসংখ্যানের হিসেবে এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দল মুখোমুখি হয়েছে ২১ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচে, শ্রীলঙ্কা ১৩ ম্যাচে। এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়েছে ১৮ বার; যেখানে ১৫ বার জয় পেয়েছে লঙ্কানরা এবং মাত্র ৩ বার জয় এসেছে বাংলাদেশের। তবে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে তিনবারের লড়াইয়ে দু’বার জিতেছে শ্রীলঙ্কা, একবার বাংলাদেশ।
এবার সুপার ফোরের ম্যাচ হবে দুবাইয়ের স্পোর্টিং উইকেটে। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলেছিল আবুধাবির ধীরগতির উইকেটে। নতুন কন্ডিশনে মানিয়ে নিতে পারলেই ইতিবাচক ফলের আশা করা যায় লিটন-জাকেরদের কাছ থেকে।



