বাংলাদেশ ক্রিকেট দল হংকংকে হারিয়ে দারুণভাবে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করেছে। এবার সুপার ফোরের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে শনিবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে এই প্রতীক্ষিত ম্যাচ।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লড়াই সবসময়ই সমর্থকদের জন্য বাড়তি উত্তেজনা নিয়ে আসে। দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও সেটি স্পষ্ট। টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত দুই দল ২০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১২ বার জয় পেয়েছে শ্রীলঙ্কা, আর বাংলাদেশ জিতেছে ৮ বার। তবে সাম্প্রতিক ফর্মে বাংলাদেশ বেশ এগিয়ে রয়েছে। শেষ পাঁচ ম্যাচে সব প্রতিপক্ষের বিপক্ষে টাইগাররা চারটিতে জিতেছে, যেখানে শ্রীলঙ্কা শেষ পাঁচ ম্যাচে জয় পেয়েছে মাত্র দুটিতে।
প্রথম ম্যাচ থেকে বাংলাদেশের একাদশে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। যদিও তাওহীদ হৃদয় হংকংয়ের বিপক্ষে ধীরগতির ব্যাটিং করেছিলেন, তবুও তিনি আরেকটি সুযোগ পেয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, রিশাদ হংকং ম্যাচে কিছুটা খরুচে বোলিং করলেও ব্যাট হাতে দ্রুত রান তোলার সামর্থ্যের কারণে তার ওপরই আস্থা রাখার সম্ভাবনা বেশি।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। অনলাইনে সরাসরি দেখা যাবে টফি অ্যাপে (অ্যান্ড্রয়েড ও আইওএস)। দর্শকরা টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস)-এর মাধ্যমেও ম্যাচটি উপভোগ করতে পারবেন।



