টি–টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই অনিশ্চয়তার মেঘ ঘনাচ্ছে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে। ভারত সফরে যেতে অস্বীকৃতি জানানোর পর বিকল্প হিসেবে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিলেও সেই পথ কার্যত বন্ধ হয়ে গেছে। আয়ারল্যান্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা নিজেদের নির্ধারিত গ্রুপ ছাড়বে না। ফলে বাংলাদেশের সামনে বিকল্পের সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। এর মধ্যেই আইসিসির পক্ষ থেকে এসেছে বাংলাদেশের সমর্থকদের জন্য এক দুঃসংবাদ।
সম্প্রতি ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারও তাদের অবস্থান স্পষ্ট করে জানায়—নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তারা ভারতে খেলতে রাজি নয়। তবে আইসিসির পক্ষ থেকে পাল্টা যুক্তি দেওয়া হয়েছে যে, ভারতের মাঠে বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের কর্মকর্তা অ্যান্ড্রু এফগ্রেভ ঢাকায় এসে মূলত বাংলাদেশকে ভারতে খেলতে রাজি করানোর চেষ্টা করেন। তবে তিনি শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি। একই সঙ্গে ভিডিও কলে যুক্ত আইসিসি কর্মকর্তা গৌরব সাক্সেনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—শেষ মুহূর্তে বিশ্বকাপের সূচি বা ভেন্যু পরিবর্তন বাস্তবসম্মত নয়।
এই পরিস্থিতিতে ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠেছে—শেষ পর্যন্ত যদি বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে কোন দল সুযোগ পাবে? আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, সে ক্ষেত্রে সুযোগ পেতে পারে স্কটল্যান্ড। আইসিসির র্যাংকিংয়ের ভিত্তিতেই বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে অন্তর্ভুক্ত হতে পারে স্কটিশ দল।
বিশ্বকাপ শুরুর সময় যত ঘনিয়ে আসছে, ততই বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এখন দেখার বিষয়—শেষ পর্যন্ত বিসিবি ও আইসিসির আলোচনার পর কোন পথে এগোয় পরিস্থিতি।



