বাংলাদেশ ইরানের উদ্দেশ্যে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে এই সহায়তা হস্তান্তর করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ রেড ক্রিসেন্টের মাধ্যমে এই চিকিৎসা সামগ্রী ইরানে প্রেরণ করবে। সহায়তা হস্তান্তরকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের চলমান ক্ষয়ক্ষতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি আশা করেন, কূটনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে এই সংকটের সমাধান হবে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।
ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি সহায়তা গ্রহণকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান।



