দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে মাত্র ১৫.১ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
এই হারের পর পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “মিরপুরে স্পিন উইকেট হবে বলে ভেবেছিল পাকিস্তান, কিন্তু বাংলাদেশ ঘাসে ঢাকা বাউন্সি উইকেট বানিয়ে চমকে দিয়েছে। বাংলাদেশ খুব স্মার্টলি খেলেছে। আমরা টার্নিং উইকেটের কথা ভাবছিলাম; কিন্তু ওরা বানিয়ে দিল গতির উইকেট। ঠিক যেন সিলেবাসের বাইরের প্রশ্ন চলে এসেছে।”
পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা প্রসঙ্গে আমির বলেন, “আমাদের ব্যাটসম্যানরা ১৪০ প্লাস গতির বোলার দেখলেই লাফালাফি শুরু করে দেয়। নাহিদ রানা ও মেহেদী মিরাজ চমৎকার বল করেছে। বিশেষ করে নাহিদ ১৪০ এর বেশি গতিতে বল করছিল। তারা আমাদের দুম্বার মতো মেরেছে, যেন তারাও অনেক মজা পাচ্ছিল। যে উইকেটে আমরা ১১৪ রান করলাম, সেই উইকেটে তারা ১৫ ওভারের মধ্যেই রান তাড়া করে ফেলেছে।”
এছাড়া সিরিজের বাকি ম্যাচ নিয়েও নিজের বিশ্লেষণ দিয়েছেন এই বাঁ-হাতি পেসার, “আমি আপনাদের বলছি– বাংলাদেশ আপনাদের কোন স্পিন ট্র্যাক দেবে না। তারা এমন উইকেটই দেবে। তাদের তিনজন ফাস্ট বোলারই শক্তিশালী, যারা ১৩৫-১৪০ গতিতে বল করে, বিশেষ করে নাহিদ রানা। তারা সিরিজ জেতার জন্য এই সুযোগটাই নেবে।”



