বাংলাদেশের দেওয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন হাসান নেওয়াজ। এ ছাড়া শাহজাইব খান ৫০, ফারহান ইউসুফ ৪৬ ও অধিনায়ক আব্দুল সামাদ ৪৪ রান করেন। বাংলাদেশের হয়ে রিপন মন্ডল ও রাকিবুল হাসান দুটি করে উইকেট শিকার করেন। এর আগে চতুর্থ ওভারে বল হাতে নিয়ে চার বলের ব্যবধানে পাকিস্তানের দুই ওপেনার মাজ সাদাকাত ও শামিল হুসেইনকে ফিরিয়ে শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলেছিলেন রিপন মন্ডল। মাত্র ২১ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। তবে হাসান নেওয়াজ ও শাহজাইব খানের ১১০ রানের জুটি ম্যাচে পাকিস্তানকে শক্ত অবস্থানে নিয়ে যায়। নেওয়াজকে ৬২ রানে মোহাম্মদ রুবেল এবং শাহজাইবকে ৫০ রানে রাকিবুল হাসান ফিরিয়ে দিলেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে পাকিস্তান।
এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের তোপে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আলী রাজার জোড়া আঘাতে সাইফ হাসান ২ ও মাহমুদুল হাসান জয় ৯ রান করে সাজঘরে ফেরেন। এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে সঙ্গে নিয়ে ৯৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের হাল ধরেন শাহাদাত হোসেন দীপু। অঙ্কন ৪২ রান করে আউট হওয়ার পর সুফিয়ান মুকিমের এক ওভারেই আরও দুটি উইকেট হারায় বাংলাদেশ। ফলে ২ উইকেটে ১১০ রান থেকে দ্রুত ১১৮ রানে ৫ উইকেটে পরিণত হয় দলটি।
এই বিপর্যয় সামাল দিতে এসএম মেহরবকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৫২ রান যোগ করেন শাহাদাত। তবে এরপর আবারও উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ২২ রানের ব্যবধানে আরও তিন ব্যাটার সাজঘরে ফেরেন। হাসান নেওয়াজ ৪১তম ওভারে মেহরব ও মোহাম্মদ রুবেলকে ফিরিয়ে দেন। অন্যদিকে রাকিবুল হাসান ১০ রান করে আহমেদ দানিয়ালের শিকার হন। একপর্যায়ে ১৯২ রানে ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে সতর্ক ও দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে ২৩২ রানের লড়াকু সংগ্রহ এনে দেন শাহাদাত।
ইনিংসের শেষ ওভারে সেঞ্চুরি পূর্ণ করতে শাহাদাতের প্রয়োজন ছিল ৫ রান। প্রথম দুই বলে এক রান নেওয়ার পর তৃতীয় বলে ছক্কা হাঁকান রিপন মন্ডল। পরের বলে লেগ বাই থেকে এক রান এলে স্ট্রাইকে ফেরেন শাহাদাত। পঞ্চম বলে মিডউইকেট দিয়ে দৃষ্টিনন্দন ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সেঞ্চুরি পূর্ণ করেন ২৪ বছর বয়সী এই ব্যাটার। ১১৮ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ১০৩ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্তে রিপন মন্ডল ১৯ রানে অপরাজিত ছিলেন। তবে শাহাদাতের এই দুর্দান্ত ইনিংস শেষ পর্যন্ত বাংলাদেশকে ফাইনালে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট হয়নি।



