পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বিশাল জয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। ৭ ওভারে মাত্র ২৪ রানে ৫ উইকেট শিকার করে গতির ঝড় তুলেছেন এই ক্রিকেটার। তার বোলিংয়ে বিধ্বস্ত পাকিস্তান মাত্র ১১৪ রানে গুটিয়ে যায়। ম্যাচ শেষে পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসনসহ ক্রিকেট বিশ্বে প্রশংসা কুড়িয়েছেন নাহিদ।
এখনো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে নাহিদ রানাকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে। ক্যাপশনে আইসিসি লিখেছে, “নাহিদ রানা উচ্চ গতিতে বোলিং করতে পারেন।” পোস্ট করা ভিডিওটি মূলত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের, যেখানে নাহিদের পেসে পরাস্ত হয়ে উইকেট হারিয়েছিলেন কেন উইলিয়ামসন।
বাংলাদেশ সময় সকাল ৯টা ৫২ মিনিটে পোস্টটি দেওয়া হয়। মাত্র তিন ঘণ্টার মধ্যেই পোস্টটিতে প্রতিক্রিয়া ৩১ হাজার ছাড়িয়েছে এবং ভিডিওটি দেখেছেন ২৫ লক্ষেরও বেশি দর্শক। অনেকেই নাহিদের বোলিংয়ের প্রশংসা করেছেন এবং কেউ কেউ তাকে “চাঁপাই এক্সপ্রেস” বলে সম্বোধন করেছেন। তবে ফলোয়ারের ঘাটতি পুষিয়ে নিতেই আইসিসি এখন বাংলাদেশের ক্রিকেটার নিয়ে পোস্ট দিচ্ছে—এমন শ্লেষাত্মক মন্তব্যও করেছেন অনেকে।



