বাংলাদেশের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলা দেখতে গেলে এবার দর্শকদের জন্য কঠোর নিয়ম মানতে হবে। মাঠের পরিবেশ সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জুলাইয়ে অনুষ্ঠিত বাংলাদেশ–পাকিস্তান সিরিজে যেসব নিয়ম চালু করেছিল, সেগুলো আরও জোরদার করে বাংলাদেশ–নেদারল্যান্ডস সিরিজেও কার্যকর করা হবে। শনিবার থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে দর্শকদের জন্য বিসিবি মোট ১২টি নির্দেশনা দিয়েছে।
বিসিবির দেওয়া ১২ নির্দেশনা সংক্ষেপে:
দর্শকদের বিসিবির নিয়মকানুন ও স্পনসরদের প্রতি বাণিজ্যিক বাধ্যবাধকতা মানতে হবে। মাঠ ও স্ট্যান্ডের ভেতরে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, আতশবাজি, লাইটার, সিগারেট, ভিডিও বা পেশাদার ক্যামেরা, ভুভুজেলা, আয়না, ছুরি, কাচের বোতলসহ নানা জিনিস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। মাঠে প্রবেশের আগে নিরাপত্তা তল্লাশি হবে এবং বাইরে থেকে কোনো খাবার বা পানীয় আনা যাবে না।
স্টেডিয়ামের ভেতরে কোনো দুর্ঘটনা বা ক্ষতির দায় বিসিবি নেবে না। কেউ যদি নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় বা উপদ্রব সৃষ্টি করে, তাহলে তাকে মাঠে ঢুকতে বাধা দেওয়া হবে কিংবা উচ্ছেদ করা হবে। অননুমোদিত ব্র্যান্ডিং, বাজি ধরা বা দুর্নীতিমূলক কার্যকলাপ কঠোরভাবে দমন করা হবে এবং অপরাধীদের আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে হবে।
স্টেডিয়ামের সব এলাকায় ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া দর্শকদের আইসিসির বৈষম্যবিরোধী নীতি মানতে হবে। জাতি, ধর্ম, সংস্কৃতি, লিঙ্গ, যৌন অভিমুখিতা বা অন্য কোনো কারণে কাউকে অপমান, হুমকি বা অবমাননা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মাঠ থেকে বহিষ্কার করা হবে এবং এ ধরনের কাজকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে।
সংক্ষেপে, মাঠে প্রবেশের আগে ও খেলার সময় দর্শকদের অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে। বিসিবির নিয়ম ভঙ্গ করলে শাস্তির মুখে পড়তে হবে।



