এক বাংলাদেশির পরামর্শে জীবন পাল্টে গেল এক ভারতীয় প্রবাসীর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র্যাফেল ড্র-তে দেড় কোটি দিরহাম জিতে কোটিপতি হয়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দা সন্দীপ কুমার প্রসাদ। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। সোমবার (০৩ নভেম্বর) গালফ নিউজ এ তথ্য প্রকাশ করেছে।
শিপিং শিল্পে টেকনিশিয়ান হিসেবে কাজ করা ৩০ বছর বয়সী সন্দীপ জানান, তার বাংলাদেশি বন্ধু জাহাঙ্গীর আলমের পরামর্শেই তিনি লটারিতে অংশ নেন। উল্লেখ্য, জাহাঙ্গীরও গত মার্চ মাসের ড্র-তে বিজয়ী হয়েছিলেন। তার কথা শুনেই সন্দীপ বিগ টিকিট কেনা শুরু করেন এবং তিন মাস ধরে ধারাবাহিকভাবে চেষ্টা চালান। অবশেষে ১৯ আগস্ট কেনা ২০০৬৬৯ নম্বর টিকিটটি ভাগ্য বদলে দেয় তার। সেপ্টেম্বরের ড্র-তে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
সন্দীপ বলেন, তিনি টিকিটটি আরও ২০ জনের সঙ্গে ভাগাভাগি করেছেন। বিজয়ের খবর যখন ফোনে আসে তখন তিনি পরিবারের সঙ্গে কথা বলছিলেন। প্রথমে বিশ্বাসই করতে পারেননি; মনে হয়েছিল স্বপ্ন দেখছেন। পরে সত্যি বুঝতে পেরে আবেগে কান্নায় ভেঙে পড়েন। স্টুডিওতে কথা বলার সময় অসুস্থ বাবার কথা উল্লেখ করে তিনি আরও আবেগপ্রবণ হয়ে পড়েন। তিন বছর ধরে দুবাইয়ে থাকা এ প্রবাসীর প্রথম পরিকল্পনা হলো ভারতে ফিরে গিয়ে বাবার চিকিৎসার ব্যবস্থা করা।
দুই ভাই, এক বোন ও স্ত্রী নিয়ে পরিবারের কথা বলতে গিয়ে তিনি বলেন, বন্ধুর সহায়তা ও ভাগ্যের প্রতি তিনি গভীরভাবে কৃতজ্ঞ। উপস্থাপক রিচার্ড তাকে অভিনন্দন জানিয়ে সাহস জুগিয়েছেন এবং বলেছেন, “তুমি অসাধারণ করেছ।”



