বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভিজিট (ভ্রমণ) ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। রোববার (৪ মে) ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রদূত জানান, টানা কূটনৈতিক তৎপরতার ফলেই ভিসা পুনরায় চালুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হয়েছে। বর্তমানে ঢাকাস্থ আমিরাত দূতাবাস প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে। ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য দলভিত্তিক (বাল্ক) ভিসা প্রক্রিয়া আরও দ্রুত করা হয়েছে, যার ফলে দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক লেনদেন বাড়ছে।
রাষ্ট্রদূত আলহামুদি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইনভিত্তিক এমপ্লয়মেন্ট ভিসা প্রক্রিয়া আবারও চালু করেছে। ইতোমধ্যে মার্কেটিং ম্যানেজার ও হোটেল খাতের পেশাজীবীদের ভিসা ইস্যু হয়েছে। নিরাপত্তাকর্মী নিয়োগের ক্ষেত্রে ৫০০ জনের ভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে এবং আরও ১,০০০ জনের ভিসা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বৈঠকে রাষ্ট্রদূত লুৎফে সিদ্দিকীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং উভয় দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (CEPA) নিয়ে আলোচনার অগ্রগতির কথা উল্লেখ করেন। তিনি জানান, টার্মস অব রেফারেন্সে দুই পক্ষ ইতোমধ্যেই সম্মত হয়েছে।
বৈঠক শেষে জানানো হয়, চলতি মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে।



