২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বসছে ভারত ও শ্রীলঙ্কায়। আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে বৈশ্বিক এই আসরের এবং ফাইনালের মধ্য দিয়ে ৮ মার্চ শেষ হবে টুর্নামেন্ট। এবারের আসরে থাকছে রেকর্ড ২০টি দল। এর মধ্যে ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে ১৭ দলের অংশগ্রহণ।
সম্প্রতি তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে নামিবিয়া। অন্যদিকে কেনিয়াকে ৭ উইকেটে হারিয়ে ২০২২ সালের পর আবারও বিশ্বকাপে ফিরছে জিম্বাবুয়ে। এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া শীর্ষ সাত দল স্বয়ংক্রিয়ভাবে জায়গা করে নেয় ২০২৬ আসরে। এর সঙ্গে যুক্ত হয়েছে গত বছরের জুন পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আরও তিনটি দল।
এখন পর্যন্ত যে ১৭ দল নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট— ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া ও জিম্বাবুয়ে। এখনও বাকি রয়েছে আরও ৩টি দলের স্থান।



