নারীদের এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তুলনামূলক খর্ব শক্তির দলের বিপক্ষেও শুরু থেকেই চাপে পড়ে যায় টাইগ্রেসরা। মাত্র ৫৫ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত শারমিন আক্তার সুপ্তার ৩১ বলে ৩৮ রানের কার্যকর ইনিংসে ভর করে লড়াই করার মতো পুঁজি পেয়েছে দল।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা মোটেও ভালো হয়নি। ওপেনার দিলারা আক্তার প্রথম ওভারেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। ৩ বলে কোনো রান করতে পারেননি তিনি। তিন নম্বরে নামা সোবহানা মোস্তারীও ব্যর্থ হন, ৬ বলে করেন মাত্র ৩ রান। অন্য ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ২১ রান সংগ্রহ করে বাংলাদেশ।
পাওয়ারপ্লের পর ২০ বলে ১৬ রান করে আউট হন জুয়াইরিয়া। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৮ বলে ২৩ রান করে বিদায় নেন। এরপর স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন পরপর দুই বলে গোল্ডেন ডাকের শিকার হলে আরও চাপে পড়ে বাংলাদেশ। মাত্র পাঁচ বলের ব্যবধানে তিনটি উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল।
তবে শেষ দিকে পরিস্থিতি বদলে দেন শারমিন আক্তার সুপ্তা। ৩১ বলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে একশ রানের গণ্ডি পার করতে সহায়তা করেন তিনি। নাহিদা আক্তার ২৬ বলে ১৬ রান করে কিছুটা সময় উইকেটে থাকেন। রাবেয়া খান ৪ বলে ৩ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।
এই ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচে যে দল জয় পাবে, তারাই নিশ্চিত করবে সেমিফাইনালের টিকিট। ফলে ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সংযুক্ত আরব আমিরাতকে দ্রুত চাপে ফেলার পাশাপাশি নিজেদের বোলিং ও ফিল্ডিংয়ে সর্বোচ্চটা দিতে হবে বাংলাদেশকে।



