আসন্ন ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তাদের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে আইসিসির পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়।
বিসিবির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিডিও কনফারেন্সে বোর্ডের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। এ ছাড়া ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান ও পরিচালক নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীও বৈঠকে অংশ নেন।
বিসিবির বিবৃতিতে বলা হয়, বৈঠকে বোর্ড আবারও স্পষ্ট করেছে যে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তারা ভারতে গিয়ে খেলতে রাজি নয়। পাশাপাশি বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করার দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে। বিসিবির মতে, খেলোয়াড়, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
অন্যদিকে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই চূড়ান্ত ও প্রকাশিত হয়েছে। সে কারণেই বিসিবিকে তাদের অবস্থান নতুন করে ভাবার অনুরোধ জানানো হয়েছে। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, এই মুহূর্তে তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি।
বর্তমান সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা এবং আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে ছাড়ার ঘটনার পর থেকেই নিরাপত্তা ইস্যু সামনে এনে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আসছে বিসিবি।
এর আগেও বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল একাধিকবার জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত নয়। সব মিলিয়ে আইসিসির অনুরোধ সত্ত্বেও বিসিবি এখনো অনড় অবস্থানে রয়েছে। আলোচনা অব্যাহত থাকলেও শেষ পর্যন্ত এই অচলাবস্থার কী সমাধান হয়, সেদিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।



