বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০২৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন হামজা চৌধুরী। লেস্টার সিটিতে খেলা এই ফুটবলার বিচারকদের রায়ে বর্ষসেরা ফুটবলার এবং ক্রীড়াপ্রেমীদের ভোটে পপুলার চয়েস অ্যাওয়ার্ডও জিতেছেন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে বর্ষসেরার নাম ঘোষণা করা হয়। বর্ষসেরা নির্বাচনে হামজার প্রতিদ্বন্দ্বী ছিলেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলাম। ভিডিও বার্তায় হামজা এই পুরস্কারে গর্বিত হওয়ার কথা জানান এবং পরিবার, কোচ, সতীর্থ ও ভক্তদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের সিইও মালিক মোহাম্মদ সাইদ। ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়া পুরস্কার প্রবর্তনকারী বিএসপিএ এবার ১৬টি বিভাগে ১৫ জন ক্রীড়াবিদ, সংগঠক ও সংস্থাকে পুরস্কৃত করে।
একনজরে বিজয়ীরা:
১. বর্ষসেরা ক্রীড়াবিদ: হামজা চৌধুরী (চ্যাম্পিয়ন), ঋতুপর্ণা চাকমা ও আমিরুল ইসলাম (রানারআপ)
২. পপুলার চয়েস অ্যাওয়ার্ড: হামজা চৌধুরী
৩. বর্ষসেরা ক্রিকেটার: রিশাদ হোসেন
৪. বর্ষসেরা ফুটবলার: হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা
৫. বর্ষসেরা হকি খেলোয়াড়: আমিরুল ইসলাম
৬. বর্ষসেরা আর্চার: আবদুর রহমান আলিফ
৭. বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়: খই খই সাই মারমা
৮. বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়: আল আমিন জুমার
৯. উদীয়মান ক্রীড়াবিদ: রিপন মন্ডল (ক্রিকেট)
১০. বর্ষসেরা কোচ: পিটার বাটলার (নারী ফুটবল)
১১. বর্ষসেরা আম্পায়ার: সেলিম লাকী (হকি)
১২. বর্ষসেরা সংগঠক: কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল (আর্চারি)
১৩. তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব: আলমগীর কবীর (ক্রিকেট কোচ)
১৪. বিশেষ সম্মাননা: শাহনাজ পারভীন মালেকা (কাবাডি কোচ)
১৫. সেরা পৃষ্ঠপোষক: প্রাইম ব্যাংক পিএলসি
১৬. সক্রিয় ফেডারেশন: বাংলাদেশ কাবাডি ফেডারেশন



