বায়ুদূষণ রোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এখন থেকে দেশের কোথাও বর্জ্য পোড়ানোর দৃশ্য চোখে পড়লে সেই ছবি তুলে পাঠালে প্রতি মাসে সেরা ১০ জন নাগরিককে পুরস্কার প্রদান করা হবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। মূলত যত্রতত্র বর্জ্য পোড়ানো থেকে সৃষ্ট ক্ষতিকর ধোঁয়া নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সরাসরি সম্পৃক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বায়ুদূষণ বিশেষ করে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এই দূষণের অন্যতম প্রধান উৎস বর্জ্য পোড়ানো বন্ধে নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে যেন তারা ঘটনার ছবি তুলে climatechange2@moef.gov.bd এই ই-মেইল ঠিকানায় পাঠান। ই-মেইল পাঠানোর সময় অবশ্যই প্রেরকের নাম, মোবাইল নম্বর, ছবির সুনির্দিষ্ট অবস্থান বা এলাকার ঠিকানা এবং ঘটনার সময় উল্লেখ করতে হবে।
মন্ত্রণালয় আশা করছে, নাগরিকদের এই সক্রিয় অংশগ্রহণ বায়ুদূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগৃহীত ছবিগুলো থেকে প্রতি মাসে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সেরা ১০টি ছবি নির্বাচন করে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। সরকারের এই পরিবেশবান্ধব উদ্যোগ বায়ুদূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।



