“তোর কি আমার নাম মনে আছে?”—মাত্র একটি বার্তা দিয়েই শুরু হয়েছিল তাঁদের গল্প। সেখান থেকে বন্ধুত্ব, প্রেম, বিয়ে—আর এবার নতুন এক সফলতায় পৌঁছেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী দম্পতি অভিজিৎ দেব ও স্বর্ণা শাহা তুশী। ৪৪তম বিসিএস পরীক্ষায় তারা দু’জনই ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
অভিজিৎ সুপারিশপ্রাপ্ত হয়েছেন প্রাণিসম্পদ ক্যাডারে, আর স্বর্ণা কৃষি ক্যাডারে। এর আগেই, ৪৩তম বিসিএসেও স্বর্ণা কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।
২০১৬ সালের মার্চে তাদের প্রথম পরিচয়। দীর্ঘ ছয় বছরের সম্পর্ক শেষে ২০২৩ সালের ৯ জুলাই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরও বিসিএসের প্রস্তুতি একসঙ্গে চালিয়ে গেছেন এই দম্পতি। স্বর্ণা জানান, ইন্টার্নশিপের সময় অভিজিৎ তার জন্য বই ও নোট কুরিয়ারে পাঠাতেন, যা প্রস্তুতিতে অনেক সহায়ক হয়েছিল। কোভিডকালীন সময়েও তাদের প্রস্তুতির গতি থেমে থাকেনি।
এখন এই দম্পতির পরবর্তী লক্ষ্য উচ্চশিক্ষা গ্রহণ ও বিদেশে পিএইচডি করা। ভালোবাসা, পরিশ্রম আর পারস্পরিক সহযোগিতার এই গল্প আজ অনেক তরুণ-তরুণীর অনুপ্রেরণা হয়ে উঠেছে।



