নিজস্ব প্রতিবেদক
জনপ্রিয় সংগীতশিল্পী হামিন আহমেদ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন লেখা প্রকাশ করেছেন। সেখানে তিনি তুলে ধরেছেন উপস্থাপক, নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেতের সঙ্গে কয়েক দশকের পথচলার অসংখ্য স্মৃতি।
হামিন আহমেদের ভাষ্য অনুযায়ী, তাদের একসঙ্গে কাটানো মুহূর্তের শুরু অনেক আগে। প্রথম টেলিভিশন অনুষ্ঠান, প্রথম মৌলিক বাংলা গানের পরিবেশনা, দেশের বাইরে প্রথম একসঙ্গে সফর, এমনকি প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ও ফুটবল ম্যাচ দেখার স্মৃতিও জড়িয়ে আছে তাদের বন্ধুত্বে। জীবনের নানা অধ্যায়ে দুজন ছিলেন একে অপরের সঙ্গী।
স্মৃতিচারণের শেষদিকে হামিন আহমেদ লিখেছেন, “অনেক কিছুই একসঙ্গে করেছি। শুধু একসঙ্গে মারা যাইনি, এই যা।” সংক্ষিপ্ত এই বাক্যেই ফুটে উঠেছে দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা এবং গভীর আবেগের এক অনন্য প্রকাশ।
তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যে দুই গুণী মানুষের দীর্ঘ বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, এমন সম্পর্ক আজকের সময়ে সত্যিই বিরল। আবার অনেকে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
শুধু পেশাগত নয়, ব্যক্তিগত জীবনেও দীর্ঘদিনের এই বন্ধুত্ব যে সময়ের পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছে, হামিন আহমেদের স্মৃতিচারণ সেই মানবিক সম্পর্কেরই এক উজ্জ্বল দলিল হয়ে রইল।



