গায়ক মাইনুল আহসান নোবেল আবারও আইনের জালে পড়েছেন। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে রাজধানীর কল্যাণপুর এলাকায় উবার চালককে মারধরের অভিযোগে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। জানা গেছে, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং আকবর হোসেন নামে এক উবার চালকের ওপর শারীরিকভাবে হামলা করেন।
ঘটনার বিস্তারিত অনুযায়ী, অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেটকার ভাড়া করে হাবুলের পুকুরপাড় এলাকায় যান নোবেল। তার সঙ্গে ছিলেন প্রাক্তন স্ত্রী সালসাবিল। গন্তব্যে পৌঁছেও নোবেল গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান এবং শুরু করেন উদ্ভট কথাবার্তা ও গালিগালাজ। একপর্যায়ে চালকের সঙ্গে তর্কে জড়ান তিনি এবং উত্তেজিত হয়ে তাকে মারধর করেন।
এ ঘটনার সময় আশপাশের লোকজন জড়ো হয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ এসে নোবেল, গাড়ি ও চালককে থানায় নিয়ে যায়। মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমান গণমাধ্যমকে জানান, নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে এবং তার বক্তব্য শোনার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন মামলায় জড়িয়েছেন নোবেল। গত ২০ মে নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হন তিনি। এরপর আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তার ও সালসাবিলের বিয়ে সম্পন্ন হয়। পরে ২৪ জুন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালতে জামিন পান তিনি। স্ত্রীর পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় আদালত জামিন মঞ্জুর করেন।
নানা বিতর্ক ও আইনি ঝামেলায় জড়ানো নোবেলের এই সাম্প্রতিক ঘটনা আবারও তাকে আলোচনায় নিয়ে এসেছে, তবে এবারও নেতিবাচক কারণে।



