শীতকালীন সবজি হিসেবে ফুলকপি অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিগুণে ভরপুর হলেও, এটি অনেকের ক্ষেত্রেই হজমের অস্বস্তি বা পেট ফাঁপার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞরা জানান, ফুলকপি একটি ‘ক্রুসিফেরাস’ গোত্রের সবজি, যাতে ‘রাফিনোজ’ নামক এক ধরনের জটিল কার্বোহাইড্রেট থাকে। মানবদেহে এই রাফিনোজ ভাঙার মতো প্রয়োজনীয় এনজাইম না থাকায় এটি সরাসরি বৃহদান্ত্রে পৌঁছে যায়। সেখানে অন্ত্রের ব্যাকটেরিয়া এই উপাদানটিকে ফারমেন্ট বা গাঁজন প্রক্রিয়ায় ভেঙে ফেলে, যার ফলে গ্যাস উৎপন্ন হয় এবং পেট ফাঁপার সমস্যা তৈরি হয়। এছাড়া এতে থাকা সালফারযুক্ত যৌগ ‘গ্লুকোসিনোলেটস’ গ্যাসের সঙ্গে অস্বস্তিকর গন্ধের সৃষ্টি করে।
তবে পেট ফাঁপার ভয়ে ফুলকপি খাওয়া বন্ধ করার প্রয়োজন নেই। বরং রান্নার কৌশলে পরিবর্তন আনলেই এই সমস্যা এড়ানো সম্ভব। কাঁচা ফুলকপি হজম করা কঠিন, তাই এটি হালকা সেদ্ধ করে বা ভাপ দিয়ে রান্না করলে এর জটিল শর্করাগুলো সহজে ভেঙে যায় এবং হজম সহজ হয়। অতিরিক্ত সেদ্ধ না করে পরিমিত তাপে রান্না করলে এর অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিগুণও বজায় থাকে। যাদের হজম শক্তি দুর্বল, তারা কাঁচা সালাদে ফুলকপি এড়িয়ে রান্না করা অবস্থায় খেলে পুষ্টি এবং স্বাদ দুই-ই উপভোগ করতে পারবেন।



