ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার বিল অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট নেসেট। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরের ওপর ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩৩৪-এর স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েল অবৈধ বসতি স্থাপন ও সম্প্রসারণের মাধ্যমে দখলদারিত্ব অব্যাহত রেখেছে, যা মানবিক আইনের পরিপন্থী।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানায়, পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শমূলক অভিমতকে স্বাগত জানিয়েছে, যেখানে ইসরায়েলের আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দায়িত্বগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ পুনরায় ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থন পুনর্ব্যক্ত করেছে। মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান বজায় রাখবে।



