বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের বর্ষসেরা সম্মাননা ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা করেছে। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় কাতারের দোহায় এক জমকালো আয়োজনের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
দোহার ফেয়ারমন্ট কাতারা হলে গালা ডিনারের মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কাতারে অনুষ্ঠিতব্য ইন্টারকন্টিনেন্টাল কাপে পিএসজি ও ফ্ল্যামেঙ্গোর ম্যাচের এক দিন আগে এই বর্ষসেরা পুরস্কার প্রদান করা হবে। আয়োজনে অন্তত ৮০০ অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে।
অনুষ্ঠানে পুরুষ ও নারী ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় ও কোচের পুরস্কারের পাশাপাশি বর্ষসেরা গোলকিপার, সেরা গোল, সেরা সমর্থক দল, ফেয়ারপ্লে অ্যাওয়ার্ডসহ মোট ৮টি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হবে। ছেলেদের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীতদের তালিকায় রয়েছেন লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, পেদ্রি, কোল পালমার, উসমান দেম্বেলে, ভিতিনিয়া, রাফিনিয়া, আশরাফ হাকিমি, নুনো মেন্দেজ, হ্যারি কেইন ও মোহাম্মদ সালাহ।
ফিফা জানিয়েছে, এবারের বিজয়ী নির্বাচনে সমর্থকদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে ১ কোটি ৬০ লাখের বেশি ভোট প্রদান করা হয়েছে। পাশাপাশি ভোট দিয়েছেন পুরুষ ও নারী জাতীয় দলের অধিনায়ক, কোচ এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও।


