রাজধানীর গুলশানে অবস্থিত পাঁচ তারকা হোটেল রেনেসাঁ ঢাকা গুলশানে চারটি কোমল পানীয় ও এক বোতল মিনারেল ওয়াটারের বিল নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। গ্রাহকের হাতে থাকা একটি বিলের কপি অনুযায়ী, চারটি ফান্টা ও এক বোতল পানির মূল দাম ৩ হাজার ১৩০ টাকা ৪৪ পয়সা। এর সঙ্গে সেবা মাশুল ও মূল্য সংযোজন কর (ভ্যাট) যোগ হয়ে মোট বিল দাঁড়িয়েছে ৪ হাজার ৫০ টাকা ১ পয়সা।
গত ১ নভেম্বরের ওই বিলের কপিতে দেখা যায়, চারটি ফান্টার দাম ধরা হয়েছে ৩ হাজার ২৯ টাকা ৯৬ পয়সা। সে হিসাবে প্রতিটি ফান্টার দাম পড়েছে প্রায় ৭৫৭ টাকা ৪৯ পয়সা। অন্যদিকে, এক বোতল স্থানীয় মিনারেল ওয়াটারের দাম দেখানো হয়েছে ১০০ টাকা ৪৮ পয়সা।
বিল অনুযায়ী, পানীয়গুলোর মূল দামের সঙ্গে ১২ দশমিক ৫ শতাংশ হারে ৩৯১ টাকা ৩১ পয়সা সেবা মাশুল যোগ করা হয়েছে। এরপর ১৫ শতাংশ হারে ৫২৮ টাকা ২৬ পয়সা মূল্য সংযোজন কর যুক্ত হয়। সব মিলিয়ে গ্রাহককে পরিশোধ করতে হয়েছে ৪ হাজার ৫০ টাকা ১ পয়সা।
বিলের কপিতে হোটেলটির ঠিকানা হিসেবে গুলশান-১, ঢাকা উল্লেখ রয়েছে। রেনেসাঁ ঢাকা গুলশান প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
এদিকে, এত বেশি দামে কোমল পানীয় বিক্রি করায় ক্ষোভ জানিয়েছেন সংশ্লিষ্ট গ্রাহক, যিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। তার অভিযোগ, সাধারণ একটি কোমল পানীয়ের জন্য এ ধরনের মূল্য অস্বাভাবিক। তিনি জানান, হোটেলটিকে সাধারণ মানের খাবারের জায়গা মনে করে সেখানে গিয়েছিলেন। কিন্তু বিল হাতে পাওয়ার পর তিনি বিস্মিত হন।
গ্রাহকের ভাষ্য অনুযায়ী, চারটি ফান্টা ও এক বোতল পানির মূল দামই ৩ হাজার ১৩০ টাকার বেশি। এর সঙ্গে সেবা মাশুল ও ভ্যাট যুক্ত হওয়ায় মোট বিলের পরিমাণ দাঁড়ায় ৪ হাজার টাকারও বেশি।
অবশ্য পাঁচ তারকা হোটেলে খাবার ও পানীয়ের দাম সাধারণ বাজারদরের তুলনায় বেশি হতে পারে। তবে পণ্যের মূল্য নির্ধারণ, মূল্যতালিকা প্রদর্শন এবং বিলের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে পানীয়গুলোর দাম কীভাবে নির্ধারণ করা হয়েছে এবং সেবা মাশুল ও ভ্যাট যথাযথভাবে আরোপ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
গ্রাহকের দেওয়া বিলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হোটেলের খাবার ও পানীয়ের মূল্য নির্ধারণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে রেনেসাঁ ঢাকা হোটেলের ওয়েবসাইটে দেওয়া যোগাযোগ নম্বরে একাধিকবার ফোন করা হলেও কেউ কল রিসিভ করেননি।
তথ্যসূত্র: কালবেলা



