ইউটিউবে ঝড় তুলেছে ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েলের নতুন নাটক ‘কোটিপতি’। গত ২৬ ডিসেম্বর সিএমভির ব্যানার ও ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এটি ৩০ লাখ ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। বিলাসিতা নয়, বরং কোটিপতি হয়েও মধ্যবিত্তের মতো সাধারণ জীবনযাপন এবং মানবিক মূল্যবোধের এক ব্যতিক্রমী গল্প নিয়ে নির্মিত হয়েছে এই নাটকটি। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্য ও এস আর মজুমদারের পরিচালনায় জোভান-পায়েল জুটির অনবদ্য অভিনয় দর্শকদের আবেগপ্লুত করেছে।
নাটকটির ব্যাপক সাফল্যে উচ্ছ্বসিত নির্মাতা এস আর মজুমদার জানান, এটি মূলত হাসি-কান্না ও সম্পর্কের এক পূর্ণাঙ্গ পারিবারিক গল্প, যা দর্শক সাদরে গ্রহণ করেছেন। অন্যদিকে প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, অর্থবিত্তের চেয়েও প্রকৃত ‘মানুষ’ হওয়া যে বড় সম্পদ—এই বার্তাই নাটকটির মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জোভান-পায়েল ছাড়াও নাটকে আজিজুল হাকিম ও মিলি বাশারের মতো গুণী শিল্পীদের উপস্থিতি গল্পে আলাদা মাত্রা যোগ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন নাটকটির প্রশংসা ও ইতিবাচক আলোচনার জোয়ার বইছে।



