গরমের দিনে আখের রস এক প্রশান্তিদায়ক পানীয়। তবে এটি খাওয়ার সময় কিছু বিষয়ে সতর্ক না হলে উপকারের বদলে ক্ষতির সম্ভাবনাই বেশি। চলুন জেনে নেওয়া যাক আখের রস খাওয়ার সময় মেনে চলার পাঁচটি গুরুত্বপূর্ণ সতর্কতা—
প্রথমত, অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলা দরকার। আখের রসে প্রাকৃতিক চিনি অনেক বেশি থাকে। বেশি পরিমাণে খেলে রক্তে শর্করা হঠাৎ বেড়ে যেতে পারে, যা বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।
দ্বিতীয়ত, অস্বচ্ছ ও খোলা জায়গার রস না খাওয়াই ভালো। রাস্তার পাশে খোলা পাত্রে রাখা আখের রসে সহজেই ধুলোবালি, মাছি ও ব্যাকটেরিয়া ঢুকে যায়। এতে পেটের অসুখ, ডায়রিয়া কিংবা টাইফয়েডের ঝুঁকি বেড়ে যায়।
তৃতীয়ত, বরফ ব্যবহারে সচেতন হতে হবে। অনেক দোকানেই অপরিষ্কার বরফ ব্যবহার করা হয়, যা পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, হেপাটাইটিস এ ও কলেরার কারণ হতে পারে।
চতুর্থত, খালি পেটে আখের রস না খাওয়াই ভালো। এতে রক্তে শর্করা দ্রুত বেড়ে যায় এবং কারও কারও ক্ষেত্রে পেটে অস্বস্তি বা গ্যাস তৈরি হতে পারে। তাই খাবারের পর বা হালকা নাস্তার সঙ্গে আখের রস খাওয়াই উত্তম।
পঞ্চমত, আখের রস সংরক্ষণ না করে সঙ্গে সঙ্গেই খাওয়া উচিত। বেশিক্ষণ রেখে দিলে এটি দ্রুত ফারমেন্ট হয়ে অ্যালকোহলজাতীয় পদার্থ তৈরি করে, যা খাদ্যে বিষক্রিয়া, পেট ব্যথা ও বমির কারণ হতে পারে।
অতএব, গরমে আখের রস খেতে চাইলে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গা থেকে নিন এবং পরিমাণে নিয়ন্ত্রণ রাখুন।



