রাজশাহীর তানোরে গভীর নলকূপের ভেতরে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ২৮ ঘণ্টা পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্যে জানা গেছে, উদ্ধারকারীরা ইতোমধ্যে প্রায় ৪৫ ফুট গভীর পর্যন্ত গর্ত খনন করেছে এবং আরও নিচে নামতে কাজ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, “৪৫ ফুট পর্যন্ত খনন করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে এবং আমরা আরও নিচের দিকে অগ্রসর হচ্ছি।”
বুধবার দুপুরে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সঙ্গে হাঁটার সময় অসাবধানতাবশত গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ। ঘটনার পরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। পরিস্থিতির জটিলতা বাড়ায় পরে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ৮টিতে উন্নীত করা হয়।
শিশুটির জন্য যাতে ভেতরে পর্যাপ্ত বাতাস পৌঁছায়, সে জন্য নলকূপে অক্সিজেন সরবরাহের চেষ্টা করা হয়। পাশাপাশি এস্কেভেটর মেশিন দিয়ে রাতভর মাটি খননের কাজ চালানো হয়েছে। সময় বাড়ার সঙ্গে উদ্বেগও বাড়ছে, আর পরিবারের পাশাপাশি পুরো এলাকার মানুষ দোয়া ও অপেক্ষায় দিন কাটাচ্ছে।



