জ্যোতির্বিজ্ঞানীরা বস্তুটির নাম দিয়েছেন ‘২০২৬ কিউকিউ৮’। আকারে ছোট এবং আলো কম প্রতিফলিত করায় এটি শনাক্ত করার পরও এর প্রকৃত পরিচয় নিশ্চিত হতে বিজ্ঞানীদের কয়েক সপ্তাহ সময় লেগেছে। প্রথমদিকে এটি কোনো অকেজো কৃত্রিম উপগ্রহ কিংবা মহাকাশযানের ভাঙা অংশ কি না, তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছিল। পরে অক্টোবরের শেষ দিকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংঘের ক্ষুদ্র গ্রহকেন্দ্র বস্তুটিকে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত করে।
‘ক্ষুদ্র চাঁদ’ কোনো আনুষ্ঠানিক জ্যোতির্বৈজ্ঞানিক পরিভাষা নয়। এর আগে ২০০৬ আরএইচ১২০ ও ২০২০ সিডি৩ নামের দুটি প্রাকৃতিক মহাজাগতিক বস্তুকেও এ নামে অভিহিত করা হয়েছিল। প্রথমটি প্রায় এক বছর এবং দ্বিতীয়টি প্রায় তিন বছর পৃথিবীর চারপাশে অবস্থান করেছিল। যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র গ্রহকেন্দ্রের পরিচালক ম্যাথিউ পেইনের মতে, পৃথিবীর এমন সাময়িক সঙ্গী থাকা অস্বাভাবিক কিছু নয়। গড়ে যেকোনো সময় পৃথিবীর আশপাশে এ ধরনের একটি বস্তু থাকতে পারে, যা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত পৃথিবীর মহাকর্ষীয় প্রভাবে ঘুরতে পারে।
হাঙ্গেরির কনকোলি মানমন্দিরের জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্তিয়ান সারনেস্কি গত আগস্টে বস্তুটি শনাক্ত করেন। প্রাথমিকভাবে তিনি এর নাম দিয়েছিলেন ‘সার২৯০১’। প্রথম দেখায় এটিকে সাধারণ গ্রহাণু বলেই মনে হয়েছিল। তবে পরবর্তী সময়ে এর কক্ষপথের বিস্তারিত হিসাব-নিকাশের মাধ্যমে বিজ্ঞানীরা বুঝতে পারেন, এটি পৃথিবীর চারপাশে সাময়িকভাবে ঘুরছে। বস্তুটির গতি ও সৌর বিকিরণের প্রভাব কয়েক সপ্তাহ ধরে পর্যবেক্ষণের পর এর প্রাকৃতিক গ্রহাণু হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এ গবেষণায় যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত লওয়েল ডিসকভারি টেলিস্কোপ এবং হাওয়াইয়ের মাউনা কেয়ায় থাকা ২ দশমিক ২ মিটার টেলিস্কোপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজ্ঞানীদের ধারণা, এ ধরনের অধিকাংশ গ্রহাণুর উৎপত্তি মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী গ্রহাণুবলয়ে। মহাকর্ষীয় প্রভাবে কয়েক লাখ থেকে কোটি বছর ধরে কক্ষপথ পরিবর্তনের ফলে এগুলোর কোনো কোনোটি পৃথিবীর কাছাকাছি চলে আসে। পৃথিবীর পাশ দিয়ে তুলনামূলক কম গতিতে অতিক্রম করার সময় কিছু গ্রহাণু এর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকা পড়ে যায়। তবে ২০২৬ কিউকিউ৮ পৃথিবীতে আছড়ে পড়ার কোনো আশঙ্কা নেই। এমনকি এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলেও ক্ষুদ্র আকারের কারণে ঘর্ষণে পুড়ে ভেঙে যাবে। ম্যাথিউ পেইনের ভাষ্য অনুযায়ী, সে ক্ষেত্রে আকাশে উজ্জ্বল উল্কার মতো দেখা যেতে পারে এবং সামান্য বিস্ফোরণের শব্দও শোনা যেতে পারে।
বর্তমানে বিজ্ঞানীরা প্রায় ৪০ হাজার পৃথিবীর কাছাকাছি গ্রহাণু শনাক্ত করেছেন। তবে চিলির ভেরা সি রুবিন মানমন্দিরের ১০ বছরব্যাপী আকাশ জরিপ শুরু হলে এ সংখ্যা আরও দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে। গবেষকদের মতে, এই জরিপের মাধ্যমে সৌরজগতের পরিচিত মহাজাগতিক বস্তুর সংখ্যা বর্তমানের প্রায় ১৫ লাখ থেকে বেড়ে ৫০ লাখে পৌঁছাতে পারে। এতে পৃথিবীর আশপাশের মহাজাগতিক বস্তু সম্পর্কে বিজ্ঞানীদের জ্ঞান ও গবেষণার পরিধি আরও বিস্তৃত হবে।



