এবারের বিশ্বকাপে রাউন্ড অব-৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে ব্রাজিল যখন গোলের জন্য সংগ্রাম করছিল, তখন অনেক ভক্ত–সমর্থকের চোখ ছিল বেঞ্চের দিকে—অপেক্ষা, কখন মাঠে নামবেন নেইমার? কিন্তু শেষ মুহূর্তের গোলে জেতা ম্যাচে আর তাকে মাঠে নামতে দেখা যায়নি। তবে শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে ম্যাচের ঠিক আগে ব্রাজিল শিবিরে এল দারুণ সুখবর। কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, সেলেসাওদের প্রধান তারকা নেইমার জুনিয়র এখন পুরোপুরি ফিট এবং এই ম্যাচে পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত।
ব্রাজিলের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ফোলিয়া দে সঁ পাওলো’-কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি নেইমারের শারীরিক ও মানসিক অবস্থার ভূয়সী প্রশংসা করেন। তিনি সাফ জানান, নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য তৈরি। চোট কাটিয়ে ফেরার পুরো সময়টায় তার একাগ্রতা ও দলের প্রতি দায়বদ্ধতা ছিল চোখে পড়ার মতো। আনচেলত্তি বলেন, “পুরো সময় খেলতে না পেরে সে খুব খুশি নয়, কিন্তু তার আচরণ একেবারে নিখুঁত। মাঠের ভেতরে তার ফুটবলীয় স্কিল যেমন দুর্দান্ত, মাঠের বাইরেও সে তেমনি বিনয়ী। দলের সবার কাছে ভীষণ জনপ্রিয় নেইমার আমাদের জন্য মস্ত বড় এক সম্পদ।”
জাপানের বিপক্ষে জয় দিয়ে ব্রাজিল শেষ ষোলোর টিকিট নিশ্চিত করলেও, গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলের পর ডাগআউটে আনচেলত্তিকে কেন খুব একটা উল্লাস করতে দেখা যায়নি—সেই রহস্যের জটও এবার খুললেন এই ইতালিয়ান কোচ। তিনি বলেন, “আমার কাছে খেলা শেষ বাঁশি বাজার আগে শেষ হয় না। মার্তিনেল্লি গোল করার পরও ম্যাচে কয়েক মিনিট বাকি ছিল। ক্যারিয়ারে অনেক অভিজ্ঞতা আছে, যেখানে জিতে গেছি ভেবে নিশ্চিন্ত ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে ম্যাচ হাত ফসকে গেছে। তাই আমি জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্ত থাকি।”
নকআউট পর্বে নরওয়ের বিপক্ষে লড়াইকে অগ্নিপরীক্ষা হিসেবে দেখছেন আনচেলত্তি। তিনি নরওয়ের ভূয়সী প্রশংসা করে তাদের তারকা আর্লিং হালান্ড সম্পর্কে শিষ্যদের সতর্ক করেছেন। আনচেলত্তি বলেন, “নরওয়ে ভীষণ গোছানো একটি দল, তাদের বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় আছে। বিশেষ করে হালান্ড এই মুহূর্তে বিশ্বসেরাদের একজন। ম্যাচটি কঠিন হতে যাচ্ছে, তবে আমরা আত্মবিশ্বাসী যে নিজেদের সেরা ফুটবলটা খেলে আমরাই মাঠ ছাড়ব।”
আগামীকাল রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শেষ ষোলোর এই মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। এখন দেখার বিষয়, দীর্ঘ সময় পর নেইমারকে পুরো ৯০ মিনিট মাঠে পেয়ে সেলেসাওরা কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে কি না।



