বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। সর্বশেষ সূচকে পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫ নম্বরে। এর ফলে বর্তমানে বাংলাদেশি নাগরিকরা বিশ্বের ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন। এর আগে ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
হেনলি পাসপোর্ট সূচকের সর্বশেষ তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর, যার স্কোর ১৯২। অর্থাৎ দেশটির নাগরিকরা ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান। দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে এশিয়ার দুই দেশ—জাপান ও দক্ষিণ কোরিয়া। উভয় দেশের স্কোর ১৮৮ এবং নাগরিকরা সমানসংখ্যক দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।
সূচকের নিয়ম অনুযায়ী, একই স্কোর পাওয়া একাধিক দেশকে একই অবস্থানে রাখা হয়। সে অনুযায়ী ১৮৬ স্কোর নিয়ে ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশ ও অঞ্চলে ভিসামুক্ত প্রবেশাধিকার পান। চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে—যাদের স্কোর ১৮৫।
পঞ্চম অবস্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই), যাদের স্কোর ১৮৪। ষষ্ঠ স্থানে রয়েছে ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, মাল্টা, পোল্যান্ড ও নিউজিল্যান্ড—এই দেশগুলোর স্কোর ১৮৩। সপ্তম স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া, লাটভিয়া, লিচেনস্টাইন ও যুক্তরাজ্য, যাদের স্কোর ১৮২। অষ্টম স্থানে রয়েছে কানাডা, আইসল্যান্ড ও লিথুয়ানিয়া—স্কোর ১৮১।
শীর্ষ দশের তালিকায় নবম স্থানে রয়েছে মালয়েশিয়া (স্কোর ১৮০)। শক্তিশালী দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র রয়েছে দশম অবস্থানে, দেশটির স্কোর ১৭৯। উল্লেখ্য, লন্ডনভিত্তিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ (IATA)-এর তথ্যের ভিত্তিতে প্রতি বছর এই পাসপোর্ট সূচক প্রকাশ করে।



