পাকিস্তান-ভারত সীমান্তে সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, যাতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। নয়াদিল্লির সামরিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছায় এবং শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন। এর মধ্যেই নতুন করে এই সংঘর্ষের ঘটনা ঘটল।
সরকারি সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অপারেশন ‘সিন্দুর’-এর পর পাকিস্তানের পক্ষ থেকে বড় ধরনের উসকানি আসে। জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর মদদপুষ্ট সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করার সময় নিয়ন্ত্রণ রেখার কাছে গোলাগুলি হয়, যাতে এক ভারতীয় সেনা প্রাণ হারান।
ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানায়, মঙ্গলবার (১২ আগস্ট) রাতে অনুপ্রবেশকারীরা পাকিস্তান সেনার সহায়তায় ভারতে প্রবেশের চেষ্টা করে। এই প্রচেষ্টা সাধারণ অনুপ্রবেশের চেয়ে ভিন্ন ছিল, কারণ এতে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের মতো সমন্বিত সহায়তা ছিল। ভারতীয় সেনারা প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে বন্দুকযুদ্ধ শুরু হয় এবং একজন সেনা আহত হন। যদিও অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়, অনুপ্রবেশকারীরা খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে পালিয়ে যায়।
ঘটনাটি নিয়ে ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এখনও পাওয়া যায়নি।



