বলিউড তারকা সালমান খান সম্প্রতি পাকিস্তানে নিষিদ্ধ হয়েছেন। কিছুদিন আগে সৌদি আরবের রিয়াদে ‘জয় ফোরাম ২০২৫’-এ দেওয়া এক মন্তব্যের জেরে এই নিষেধাজ্ঞা জারি হয়। ভারতের সংবাদমাধ্যম মিড-ডে জানায়, সেখানে শাহরুখ খান ও আমির খানের সঙ্গে মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা নিয়ে আলোচনা করছিলেন সালমান। কথোপকথনের সময় তিনি মন্তব্য করেন, “এখানে এখন কোনো হিন্দি ছবি মুক্তি পেলে সেটা সুপারহিট হবে। তামিল, তেলুগু বা মালয়ালম সিনেমাও শত কোটি রুপি আয় করতে পারে, কারণ এখানে অনেক দেশের মানুষ কাজ করছে—বেলুচিস্তান, আফগানিস্তান, পাকিস্তান—সব জায়গা থেকে মানুষ এসেছে।”
সালমান খানের এই মন্তব্যের পরই বিতর্কের সূত্রপাত হয়। পাকিস্তান সরকার এই মন্তব্যকে ক্ষোভের সঙ্গে গ্রহণ করে, কারণ তারা মনে করে সালমান বেলুচিস্তানকে একটি আলাদা দেশ হিসেবে উল্লেখ করেছেন, যা পাকিস্তানের কাছে অত্যন্ত সংবেদনশীল বিষয়। এই মন্তব্যের জেরে পাকিস্তান সরকার সালমান খানকে ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ‘সিডিউল-৪’ বা সাধারণভাবে ‘ব্ল্যাকলিস্ট’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যেখানে সন্ত্রাসবাদ বা নিরাপত্তাজনিত কারণে সন্দেহভাজনদের নাম থাকে।
যদিও পাকিস্তানে এই মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, ভারতের সামাজিক মাধ্যমে এ বিষয়ে মতভেদ রয়েছে। অনেকেই মনে করছেন, সালমানের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।



