দুবাইয়ে ক্রিকেট মাঠে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ের অপেক্ষা, আর তার আগেই কলম্বোর সবুজ গ্যালারিতে লাল-সবুজের তরুণরা লিখল নতুন জয়গাথা। সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ কিশোর দল।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে বাংলাদেশ। প্রথম চার মিনিটেই দুই গোল করে কার্যত খেলার ভাগ্য নির্ধারণ করে দেয় তারা। তৃতীয় মিনিটে পাকিস্তানি গোলরক্ষকের মারাত্মক ভুলে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল গোল করেন। সতীর্থকে বল দিতে গিয়ে গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বল ছিনিয়ে নিয়ে ঠান্ডা মাথায় জালে পাঠান তিনি। এর ঠিক এক মিনিট পর আসে দ্বিতীয় গোল। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দুর্দান্ত একক কৌশলে ডিফেন্ডারদের কাটিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান ফরোয়ার্ড অপু। মুহূর্তেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
বাকি সময়ে পাকিস্তান গোল শোধের চেষ্টা করেছে, আর বাংলাদেশ লিড বাড়ানোর। তবে দুদলের গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ়তায় আর কোনো গোল হয়নি। ফলে ২-০ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।
গ্রুপ পর্বে দুর্দান্ত ফর্মে ছিল পাকিস্তান। টানা দুই জয় নিয়ে সেমিফাইনালে উঠলেও আজ বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি তারা। গ্রুপ পর্বে ভারতকে কঠিন লড়াই দেওয়া দলটি সেমিফাইনালে এসে গোলশূন্য বিদায় নেয়।
এদিকে দিনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। সেই ম্যাচের বিজয়ীর সঙ্গে আগামী ২৭ সেপ্টেম্বর শিরোপার লড়াইয়ে মাঠে নামবে লাল-সবুজের তরুণরা।



