সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ লক্ষ্য নিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। প্রাথমিক স্কোয়াডে আছেন ইংল্যান্ডের লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরি, তবে নেই কানাডা প্রবাসী সামিত সোম।
কানাডিয়ান প্রিমিয়ার লিগে সামিতের ক্লাব কাভারলির দুটি ম্যাচ রয়েছে ৬ ও ১৪ সেপ্টেম্বর। একই সময়ে বাংলাদেশ ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের মুখোমুখি হবে। জাতীয় দলের হয়ে খেলতে ক্লাব ছাড়তে হলেও বাফুফে এবার সেই জটিলতায় যেতে চাইছে না। জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, “সামিতের ক্লাব ম্যাচ থাকায় তাকে প্রাথমিক তালিকায় রাখা হয়নি।”
হামজা চৌধুরিকে দলে পেতে ইতোমধ্যে লেস্টার সিটিকে চিঠি দিয়েছে বাফুফে। ফিফা উইন্ডোর নিয়ম অনুযায়ী ম্যাচের ৭২ ঘণ্টা আগে খেলোয়াড় ছাড়তে হয়, তবে সূচি মহাদেশভেদে ভিন্ন হওয়ায় ক্লাবগুলোর সঙ্গে দরকষাকষির সুযোগ থাকে। ম্যানেজার আমের খান জানান, “কোচের ২৪ জনের প্রাথমিক স্কোয়াডে হামজা রয়েছেন, তার ক্লাবের সঙ্গে আলোচনা চলছে।”
অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ আছে বাংলাদেশের। হামজা ও সামিত—দুজনকেই সেই ম্যাচে ভরসা হিসেবে দেখা হচ্ছে। সেপ্টেম্বরে প্রীতি ম্যাচগুলোতে তারা থাকলে দলের বোঝাপড়া ও প্রস্তুতিতে সুবিধা হতো।
এবার ভিন্ন পথে হেঁটেছে বাফুফে—ক্যাম্প শুরু হলেও এখনো আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করা হয়নি। প্রথম দিনে মাত্র পাঁচজন ফুটবলার যোগ দিয়েছেন। আবাহনীর খেলোয়াড়রা আগামীকাল এবং বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা পরশু যোগ দেবেন। এফটিপি অনুযায়ী আবাহনী থেকে ৫ ও কিংস থেকে ১০ জন ফুটবলার ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অধিনায়ক জামাল ভূঁইয়া এখনো ক্যাম্পে যোগ দেননি; তিনি একদিন সময় চেয়েছেন ফেডারেশনের কাছে। মাত্র পাঁচজন নিয়ে অনুশীলন শুরু হওয়ায় পূর্ণ প্রস্তুতি এখনো শুরু হয়নি। তবে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা কঠোর অবস্থানেই আছেন—প্রথম দিন থেকেই খেলোয়াড়দের মাঠে চান তিনি।



