আজ শনিবার নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে ‘কিচ্ছা উৎসব ১৪৩২’। উপজেলা প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠন ‘সর্বস্বর’ যৌথভাবে আয়োজন করেছে এই ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক উৎসবের। বাংলার ঐতিহ্যবাহী কিচ্ছা পালা বা বয়াতি গানের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ আয়োজনকে ঘিরে জেলার সাংস্কৃতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবে উপস্থাপিত হবে লোকজ কাহিনি, পুরাণ, ধর্মবিশ্বাস, সামাজিক মূল্যবোধ ও জনজীবনের অভিজ্ঞতায় গাঁথা কিচ্ছা পালা। গ্রামীণ জীবনের গল্প, লোকসংগীতের সুর, চরিত্রের অভিনয় ও দর্শকের মগ্নতা—সব মিলিয়ে এই উৎসবে ফিরে আসবে বাংলার লোকসংস্কৃতির সেই চিরায়ত আবহ।
আয়োজকেরা জানিয়েছেন, কিচ্ছা উৎসব কেবল বিনোদনের আয়োজন নয়; বরং এটি তরুণ প্রজন্মের কাছে নিজস্ব শিকড়, ঐতিহ্য ও লোকসংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার এক অনন্য সুযোগ। পাশাপাশি গবেষক, সংস্কৃতিবিদ ও সাহিত্যপ্রেমীদের জন্যও এটি হবে এক মূল্যবান ক্ষেত্র—যেখানে তাঁরা প্রত্যক্ষ করবেন বাংলার মৌখিক ঐতিহ্যের জীবন্ত প্রকাশ।
কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে সকাল ১০টা থেকে সারা রাত চলবে এই উৎসব। এতে কিচ্ছা পরিবেশন করবেন দেশের খ্যাতনামা বয়াতিরা—কুদ্দুস বয়াতি, সায়িক সিদ্দিকী, দিলু বয়াতি, অলিউল্লাহ বয়াতি, সবুজ বয়াতি, জসিম বয়াতি, মনসুর বয়াতি, হামিদ বয়াতি ও শামীম বয়াতিসহ আরও অনেকে।


