বৃষ্টি ভেজা ক্যারিয়াচিকার ক্লেবার আন্দ্রাদে স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ছিল এক অনন্য ফুটবল সন্ধ্যা। দীর্ঘদিন পর মাঠে ফিরলেন ব্রাজিলিয়ান ফুটবলের রাজপুত্র নেইমার, আর ফিরেই যেন জানিয়ে দিলেন—তিনি এখনও আগের সেই জাদু ভুলে যাননি। নতুন হেয়ারস্টাইলে অভিষেক ম্যাচেই তিনি করলেন এক পেনাল্টি গোল, করালেন আরেকটি গোল এবং উপহার দিলেন এক নজরকাড়া ‘নাটমেগ’।
ভিটোরিয়া কাপে সান্তোস বনাম দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়ার প্রীতি ম্যাচের প্রথমার্ধেই নেইমার দারুণ প্রভাব রাখেন। ম্যাচের ৪৭তম মিনিটে যখন প্রথমার্ধ শেষ হয়, তখন স্কোরবোর্ডে সান্তোস এগিয়ে ২-০ গোলে। তার পেনাল্টি থেকে পাওয়া প্রথম গোলের পর, গিলহেরমেকে দারুণ এক পাস দিয়ে করালেন দ্বিতীয় গোলটি। এ ম্যাচে সান্তোসের হয়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গিলহেরমের গোলসংখ্যা দাঁড়াল ১৩।
স্টেডিয়ামে ছিল প্রায় হাউসফুল দর্শক, যেন পুরো ভিড়ই শুধুমাত্র নেইমারকে দেখতে হাজির হয়েছে। মাঠে তার প্রতিটি স্পর্শ, প্রতিটি পাস, চাল, দৃষ্টিভঙ্গি—সবই যেন একেকটা উৎসব। মাঠে নামার শুরু থেকেই বোঝানো শুরু করলেন—এই দলটাই তার, আর তিনি আছেন রাজা হয়ে।
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে নতুন করে চুক্তি নবায়নের পর এটাই ছিল নেইমারের প্রথম ম্যাচ। প্রত্যাবর্তনের এই ম্যাচে তিনি দেখিয়ে দিলেন—তার পায়ে এখনও সেই আগের যাদু আছে। ভক্তদের ভালোবাসায় ভেজা এক ফুটবল রাতে মাঠে ছিল গোল, নাটমেগ, কৌশল, আর ছিল নেইমারের অবিস্মরণীয় ছোঁয়া।
সান্তোস আগামী ১৬ জুলাই মুখোমুখি হবে ফ্লামেঙ্গোর, ভিলা বেলমিরোতে। ম্যাচটি হবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি। অন্যদিকে দেসপোর্তিভা ১৩ জুলাই কোপা এসপিরিতু সান্তোর কোয়ার্টার ফাইনালের ফিরতি ম্যাচে মুখোমুখি হবে রিও ব্রাঙ্কোর।



