মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে টানা দুই জয়ে মাঠ মাতিয়েছে আর্জেন্টিনা। তবে মাঠের ফুটবলের চেয়েও এখন আলোচনার কেন্দ্রে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে বিশ্বজুড়ে জল্পনা চলছে—তিনি কি ষষ্ঠবারের মতো বিশ্বকাপে মাঠে নামবেন? ঠিক সেই সময়ই নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন এলএম টেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ম্যাচের কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে মেসি লিখেছেন মাত্র দুটি শব্দ: ‘আর্জেন্টিনা অলওয়েজ’ (আর্জেন্টিনা সব সময়)। সঙ্গে জুড়ে দিয়েছেন প্রিয় দেশের পতাকার ইমোজি। সর্বশেষ দুই প্রীতি ম্যাচে মেসির পারফরম্যান্স ভক্ত-সমর্থকদের মুগ্ধ করলেও বয়স এখন তার পক্ষে নেই—৩৯ বছরে পা রাখতে চলেছেন তিনি। ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জার্মানি (২০০৬) থেকে কাতার (২০২২) পর্যন্ত টানা পাঁচটি বিশ্বকাপে খেলা মেসি যদি এবারও অংশ নেন, তবে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার অনন্য রেকর্ডে ভাগ বসাবেন তিনি।



