রাজধানীর উত্তরা দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, বাকি দুইজন নিহতের একজন বিমানটির পাইলট এবং অপরজন স্কুলের একজন শিক্ষিকা।
ডা. সায়েদুর আরও জানান, দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক, যাদের মধ্যে দুজন বার্ন ইউনিটে ভেন্টিলেশনে চিকিৎসাধীন।
তিনি বলেন, “চিকিৎসার সকল প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আমরা আহতদের বাঁচাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”
এছাড়া তিনি জানান, নিহতদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। শনাক্ত হওয়া ২০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশজুড়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে শিশুহত্যার এ হৃদয়বিদারক ঘটনায় শোকাহত জাতি।



